সর্বশেষ

সারাদেশ

রাঙ্গামাটিতে শেষ হলো ৫০তম কঠিন চীবর দানোৎসব, লাখো পুণ্যার্থীর ঢল

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙ্গামাটির ঐতিহাসিক রাজবন বিহারে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে সাড়ম্বরে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দু’দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দানোৎসব। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পরম শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উৎসবে বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনা করা হয়। ঐতিহাসিক এই আয়োজনে পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়েই বইছে এক আনন্দমুখর উৎসবের আমেজ।

বৃহস্পতিবার শুরু হওয়া এ দানোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার বিকেলে ভিক্ষু সংঘের হাতে তুলা থেকে তৈরি চীবর প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়। গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাউপাসিকা বিশাখার প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে রাঙ্গামাটির রাজবন বিহারে এবার ২০৫টি বেইনে এক রাতের মধ্যে সুতা থেকে পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। ১৯৭৬ সাল থেকে উদযাপিত এই দানোৎসব এবার সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করেছে।

উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির সহ উপস্থিত ভিক্ষু সংঘের হাতে আনুষ্ঠানিকভাবে চীবর তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চাকমা শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন। ভক্তদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজবন বিহার প্রাঙ্গণ।

ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন বিভিন্ন ধর্ম ও বর্ণের লাখো মানুষ। বিহার প্রাঙ্গণ ও এর আশপাশে আয়োজিত গ্রামীণ মেলাকে কেন্দ্র করে পুরো রাঙ্গামাটি শহরে এক মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ দিনে সকাল থেকে পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান ও অষ্ট পরিষ্কার দানসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়। বিকেলে ধর্মীয় দেশনা প্রদানের পর সন্ধ্যায় আকাশপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ঐতিহাসিক এই ধর্মীয় মহাসমাবেশের।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০