রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০) এবং তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
১১৮ বার পড়া হয়েছে