নড়াইলে ২০ জন দু:স্থ নারীকে বিনামূল্যে দেওয়া হলো ৪০টি ছাগল
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে অসহায় ও দু:স্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২০ জন নারীর মাঝে বিনামূল্যে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা 'নোভা'-র উদ্যোগে এই সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। ছাগল পাওয়ার পাশাপাশি এসব নারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
বুধবার সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিভিন্ন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। সঠিকভাবে পরিচর্যা করলে এই ছাগল পালনই তাদের সংসারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।
উপহার হিসেবে দুটি করে ছাগল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী নারী লস্কারপুর গ্রামের গৌরী সরকার, মিনু বিশ্বাস এবং বামনখালী-সীমাখালী গ্রামের তাসলিমা বেগম ও নারগিস বেগম। তারা জানান, প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রশিক্ষণ অর্জনের পর এবার নিজেদের খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তারা।
উল্লেখ্য, সামগ্রিক বিতরণ কার্যক্রমের পূর্বে ইউনিয়ন পরিষদ ভবনে উপকারভোগীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দেবাশিষ কুমার কুন্ডু।
১৩০ বার পড়া হয়েছে