প্রতিমা নিরঞ্জনে শেষ হলো খুলনা ও গাজীরহাটের ঐতিহ্যবাহী কালী পূজা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে খুলনার ঐতিহ্যবাহী শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের সাঙ্গ হলো। অশ্রুসিক্ত নয়নে দেবী কালীকে বিদায় জানিয়ে খুলনার নগরী ও দিঘলিয়ার গাজীরহাটের ভৈরব নদ তীরে বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তের উপস্থিতিতে ঢাকের শব্দ আর আতশবাজির আলোয় মুখরিত হয়ে ওঠে খুলনার নদীঘাটগুলো।
গাজীরহাটের রামানন্দপুর সার্বজনীন মন্দির, রামানন্দপুর পাটনিবাড়ী, মহাশ্মশান মন্দির এবং চলচ্চিত্র তারকা পূজা চেরির বাড়িসহ বিভিন্ন মণ্ডপে তিন দিনব্যাপী ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত হন।
খুলনা নগরীর আর্য ধর্ম সভা মন্দির, শীতলা বাড়ি, কয়লাঘাট কালী মন্দির, রূপসা মহাশ্মশান এবং শিববাড়ি মন্দির ছাড়াও অগ্রণী বয়েজ ক্লাব, সূর্য তরুণ সংঘ ও এশিয়া শ্যামা সংঘের আয়োজনে বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে নদীঘাটের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা।
প্রতিমা বিসর্জনের সবচেয়ে বর্ণিল আয়োজন দেখা যায় নগরীর সিটি ব্যাংকের মোড়ে। সেখানে রাত ৯টা থেকে ভোররাত ১টা পর্যন্ত টানা আতশবাজির উৎসব চলে, যা দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমান। কাসর, উলুধ্বনি আর ঢোলের বাজনায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।
১৪৮ বার পড়া হয়েছে