সিরাজগঞ্জে জেল হত্যা দিবসে নিষিদ্ধ লীগের ভিডিও প্রকাশ, পুরোনো দাবি পুলিশের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষামুড়া এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় বলে দাবি করা হলেও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় বর্তমানে কঠোর পাহারা জোরদার রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভিটা সংলগ্ন সিরাজগঞ্জ-ধনুট আঞ্চলিক মহাসড়কে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন বলে ভিডিওতে দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় প্রধান শেখ হাসিনা এবং শহীদ এম মনসুর আলীকে স্মরণ করে বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগান দেন।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা মহাসড়কের মোড়ে স্থাপিত শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে এ সংক্রান্ত ২ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও চিত্র দলটির সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মহিষামুড়া এলাকায় যেকোনো ধরনের অরাজকতা ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। গত ৫ দিন ধরে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ এবং স্থানীয়রা সেখানে পাহাড়া দিচ্ছেন। তাই সেখানে নতুন করে কোনো মিছিলের সুযোগ নেই এবং ভিডিওটি পুরোনো বলেই তারা নিশ্চিত হয়েছেন।
১১৭ বার পড়া হয়েছে