পদ্মায় জাটকা রক্ষায় মুন্সীগঞ্জে অভয়াশ্রম সম্প্রসারণের সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে জাটকা বিচরণ ও ইলিশের প্রজনন নিশ্চিতে মৎস্য অভয়াশ্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও পরিবীক্ষণ কমিটির সভায় উপজেলা পর্যায়ের প্রস্তাবসমূহ পর্যালোচনার পর তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সার্বিক সাফল্যও মূল্যায়ন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন পিপিএমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত হন।
সভায় তথ্য প্রকাশ করা হয় যে, পদ্মা সেতুর নিকটবর্তী লৌহজং পয়েন্টে নতুন চর জেগে ওঠায় অগভীর জলাঞ্চলের সৃষ্টি হয়েছে। এটি জাটকা ইলিশের অবাধ বিচরণ ও খাদ্যান্বেষণের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও গবেষণার ভিত্তিতে লৌহজং এলাকায় অভয়াশ্রম সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রস্তাবিত অভয়াশ্রমের পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব নিরূপণে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে এই সম্প্রসারণ প্রস্তাবটি আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপনের বিষয়েও বিশদ আলোচনা করা হয়।
চলতি বছরের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের সফলতায় সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। সীমিত জনবল সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অভিযান সফল করায় জড়িত সকল বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
১৩৬ বার পড়া হয়েছে