কেক বানিয়ে মাসে ৫০ হাজার টাকা আয়, গোপালগঞ্জের রুমার সফলতার গল্প
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঘরের কোণ থেকে শুরু করে আজ তিনি এক সফল নারী উদ্যোক্তা। গোপালগঞ্জের জাকিয়া সুলতানা রুমা কেক ও কুকিজ তৈরি এবং প্রশিক্ষণের মাধ্যমে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছেন। নিজের স্বাবলম্বিতার পাশাপাশি শত শত নারীকে পথ দেখাচ্ছেন এই অদম্য নারী।
গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার বাসিন্দা জাকিয়া সুলতানা রুমা। স্বামী চাকরিজীবী হলেও সন্তান ও সংসার সামলে নিজের একটা আলাদা পরিচিতি গড়ার স্বপ্ন দেখতেন তিনি। রান্নার প্রতি প্রবল আগ্রহ থেকেই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলেন ‘রুমার যুব রান্না ঘর’।
সৃজনশীলতা, মেধা ও কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে রুমা কেক ও কুকিজ তৈরি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তার তৈরি পেস্ট্রি ও কুকিজ জেলাজুড়ে ব্যাপক পরিচিতি পায়। বর্তমানে নিজের তৈরি পণ্য বিক্রি করে তিনি প্রতি মাসে আয় করছেন প্রায় ৫০ হাজার টাকা।
নিজের সাফল্যেই সীমাবদ্ধ থাকেননি এই নারী উদ্যোক্তা। অন্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তিনি শুরু করেন রান্না, ব্লক ও বাটিকের প্রশিক্ষণ। ইতিমধ্যে তার হাত ধরে শতাধিক নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে দুই শিফটে আরও ৫০ জন নারীকে তিনি নিবিড় প্রশিক্ষণ দিচ্ছেন।
রুমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া হীরা মনি জানান, স্বামী সরকারি চাকরিজীবী হলেও নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল তার। জাকিয়া সুলতানা রুমার কাছে কাজ শিখে এখন তিনি নিজেও অন্য নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং স্বাবলম্বী হয়েছেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি ও বাজারজাতকরণে সরকারিভাবে সহায়তা এবং স্বল্প সুদে ঋণের সুযোগ রয়েছে। রুমার মতো উদ্যোগী নারীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
১১১ বার পড়া হয়েছে