বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ বন্দরে ১ নম্বর সংকেত
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমুদ্র এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং পুরো এলাকায় গুমোট পরিবেশ বিরাজ করছে। সমুদ্রতটে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে বড় বড় ঢেউ। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির প্রতিনিধিরা জানান, সরকারি নিষেধাজ্ঞা শেষের দিকে থাকায় জেলেরা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নতুন করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলীয় জেলেদের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
১১০ বার পড়া হয়েছে