হালুয়াঘাটে পূজামণ্ডপ পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি শঙ্কামুক্ত পরিবেশে শারদীয় উৎসব উদযাপনে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। পাশাপাশি জামায়াত ও এনসিপির নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় ভক্ত ও পূজারিরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, দেশব্যাপী এবার নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। রাজধানী থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত উৎসবের আবহাওয়া তৈরি করা হয়েছে, যা স্বাধীনভাবে ধর্মপালনের সুযোগ নিশ্চিত করে।
তিনি আরও বলেন, বিরাজমান সামাজিক ঐক্য ও সম্প্রীতিকে আরও শক্তিশালী করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে। সব ধর্মের মানুষের অধিকার ও অনুভূতির প্রতি সম্মান জানানো প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব।
বক্তব্যে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দুর্গাপূজার সময় সহযোগিতার হাত বাড়িয়ে তাদের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই নির্লিপ্ততা তাদের রাজনৈতিক অবস্থানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।
মণ্ডপ পরিদর্শনের সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে