ভাটারায় ডিআইজির ভাড়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস ১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা একটি ভবনে এ অভিযান চালানো হয়। গতকাল সোমবার রাতে শুরু হওয়া অভিযান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির বিভিন্ন কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং দিয়ে এসব পার্টিতে অংশ নিতেন।
ইলিয়াস কবির আরও জানান, এসব পার্টি থেকে আয়ের বড় একটি অংশ পেতেন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ও তাঁর স্টাফরা। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর বাড়িতে অভিযান চালানোর বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
১০৪ বার পড়া হয়েছে