দুর্গাপূজায় উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার: মোংলায় কোস্ট গার্ড মহাপরিচালক
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় অঞ্চলে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। পূজার শুরু থেকেই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, এনবিপি, বিএসপি, বিসিজিএম, এনডিসি, এনসিসি, পিএসসি।
পরিদর্শনকালে কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত কাজ করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসব, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় মোট ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
প্রতিমা বিসর্জন ঘিরে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিসর্জন ঘাটগুলোতে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে।
এ ছাড়া জরুরি পরিস্থিতি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনায় সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
কোস্ট গার্ডের মহাপরিচালক আশা প্রকাশ করেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
১২১ বার পড়া হয়েছে