কুষ্টিয়ার লালন আখড়ায় বোমা উদ্ধার, আতঙ্কে অনেকেই আখড়া ছাড়ছেন
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমাসদৃশ বস্তু ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কিত হয়ে সাধু-বাউলদের অনেকে আখড়াবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে রাখা বোমাসদৃশ বস্তু, দুই লিটার পেট্রল ও দুটি সার্কিটের মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এসব উদ্ধার করা হয়।
আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব চলছে। আজ সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চায়ের দোকানদার। ব্যাগটি খুলে তিনি লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল ও দুটি সার্কিটের মতো বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি কুমারখালী থানা-পুলিশ ও মেলার আয়োজক কমিটিকে জানান।
খবর পেয়ে পুলিশ ও আয়োজক কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। পরে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে রাখেন। এ সময় মাজারের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা সেখানে বোমাসদৃশ বস্তুটি রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাত আড়াইটার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি নিষ্ক্রিয় করে।
এদিকে, লালন মাজার প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাধুদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার রাত থেকে মাজারের প্রধান ফটক বন্ধ রাখা হয়। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনায় আতঙ্কিত হয়ে সাধু-বাউলদের অনেকে আখড়াবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।
২১৪ বার পড়া হয়েছে