সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শরীর থেকে হাত বিচ্ছিন্ন যুবকের

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিপণন কর্মকর্তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির নাম হাসিবুর মোল্লা (৩০)। তিনি কাশিয়ানী উপজেলার ধলগ্রাম এলাকার হোসেন আলী মোল্লার ছেলে এবং বসুন্ধরা গ্রুপের বিপণন বিভাগে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিবুর সকালে নিজ বাড়ি কাশিয়ানী থেকে মোটরসাইকেলযোগে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন এবং তাঁর ডান হাতটি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন জানান, মারাত্মক আঘাতে হাসিবুরের ডান হাতটি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০