কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজ, গ্রেপ্তার ১
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশ থেকে ১০ মাসের শিশুপুত্র রাইয়ান নিখোঁজের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে অপহৃত শিশুর খালু আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাপাড়ায় শিশু নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা রাসেল খান বৃহস্পতিবার ভোরে তাঁর শিশুপুত্র রাইয়ানকে নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন।
সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ক্ষণিকের জন্য জেগে উঠে ঘরের ভেতর তাঁর ভায়রা আল-আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে আল-আমিনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।
কিছুক্ষণ পর ঘুম ভাঙলে রাসেল তাঁর সন্তানকে বিছানায় খুঁজে পাননি। স্বজনদের অভিযোগ, আল-আমিন এর আগেও শিশুটিকে অপহরণের হুমকি দিয়েছিলেন এবং আরও তিন-চারজনের সহায়তায় শিশুটিকে তুলে নিয়ে গেছেন।
ঘটনার পর অপহৃত শিশুর মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় আল-আমিনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।
২০১ বার পড়া হয়েছে