খুলনায় কেসিসির গ্যারেজে দুই ট্রাকের চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নিজস্ব গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে মো. আব্দুস সালাম (৫০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পাওয়ার হাউস মোড় সংলগ্ন গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত অপর ট্রাকের চালক পলাতক রয়েছেন।
নিহত আব্দুস সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কেসিসির চালক মো. সাফায়েত হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে বাইরে থেকে গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন বারেক গাজী নামে এক চালক। তিনি সালামকে তার গাড়িটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে বারেক হঠাৎ গাড়ি স্টার্ট দিলে তা সরাসরি সামনে থাকা সালামকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
কেসিসির উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিটি কর্পোরেশনের দুটি ট্রাকের ধাক্কা লাগার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সামনের ট্রাকের চালক গাড়িটি বের করার সময় অসাবধানতাবশত পেছনের ট্রাকে আঘাত করেন, যা এই দুর্ঘটনা ডেকে আনে।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, নিহত চালকের পরিবার আপাতত কোনো মামলা করতে রাজি হয়নি। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত চালক বারেককে আটকে অভিযান চলছে।
এদিকে কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জানিয়েছেন। তিনি এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও, পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে