চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত, সচেতনতার তাগিদ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। চোখের যত্ন ও অন্ধত্ব দূরীকরণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সংগঠনের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে চক্ষু হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য ‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সৃষ্টিকোণের মাধ্যমে প্রতিরোধ সম্ভব’ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। চিকিৎসকেরা জানান, নিয়মিত চোখ পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে অন্ধত্বের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চোখের দৃষ্টি মানুষের অন্যতম বড় নেয়ামত। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিশু ও প্রবীণদের চোখের যত্নে আলাদা নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
সমিতির স্থানীয় কমিটির নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন। বক্তারা চাঁপাইনবাবগঞ্জে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা আরও সম্প্রসারণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে