শতবর্ষী মায়ের সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তার বিরুদ্ধে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় শতবর্ষী মা রহিমা খাতুনের সম্পত্তি জালিয়াতি করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তার নিজের ছেলে ও বুয়েটের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মুখতারুজ্জামানের বিরুদ্ধে। পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের হুমকির মুখে পড়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন এই অসহায় বৃদ্ধা। জীবনের শেষ মুহূর্তে নিজের ভিটেমাটিতে শান্তিতে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন শতবর্ষী এই মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঝপাড়া গ্রামের প্রয়াত এসলাম হোসেনের স্ত্রী রহিমা খাতুন বর্তমানে জরাজীর্ণ এক টিনের ঘরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। তার ছোট ছেলে দিনমজুর ইসমাইল হোসেন তাকে দেখাশোনা করছেন। অভিযোগ উঠেছে, বিবাদমান সম্পত্তি থেকে তাদের উচ্ছেদ করতে প্রতিনিয়ত চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী রহিমা খাতুন জানান, জমি-সংক্রান্ত মামলার কথা বলে বিভিন্ন সময় ফাঁকা কাগজে তার এবং তার প্রয়াত স্বামীর টিপসই নিয়েছিলেন বুয়েট কর্মকর্তা মুখতারুজ্জামান। পরবর্তীতে জানা যায়, ছলচাতুরির মাধ্যমে বাবা-মায়ের প্রায় ১২ বিঘা আম ও ধানি জমিসহ বসতভিটা নিজের নামে লিখে নিয়েছেন তিনি। এতে করে পরিবারের অন্য সাত সন্তান তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
এই পারিবারিক বিরোধ নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়, থানা এবং জেলা লিগ্যাল এইড অফিসে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল জানান, স্থানীয় শালিসে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার বিষয়ে মৌখিক সম্মতি হলেও অভিযুক্ত মুখতারুজ্জামান তা পরবর্তীতে বাস্তবায়ন করেননি।
অভিযোগের বিষয়ে মুখতারুজ্জামানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। প্রথমে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে তার ব্যবহৃত সকল মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। অনন্যোপায় হয়ে শতবর্ষী এই মা শেষ বয়সে একটু শান্তিতে থাকার আশায় আদালতের আশ্রয় নিয়েছেন।
১১৯ বার পড়া হয়েছে