পাবনায় ডিটারজেন্ট ও পাম অয়েল দিয়ে নকল দুধ তৈরি, জরিমানা ১ লাখ টাকা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় রাসায়নিক উপাদান মিশিয়ে নকল দুধ তৈরির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্ষতিকর এই চক্রের সন্ধান মেলে। এই ঘটনায় নকল দুধ তৈরির কারখানাটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালীন স্থানীয় ব্যবসায়ী আবুল বাসারের বাড়িতে বিষাক্ত উপাদানের সাহায্যে নকল তরল দুধ তৈরির হাতেনাতে প্রমাণ মেলে। সেখানে পানির সঙ্গে ক্ষতিকর পাম অয়েল, ডিটারজেন্ট পাউডার এবং বিশেষ ধরনের জেলিজাতীয় রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল দুধ প্রস্তুত করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে এই ভেজাল কার্যক্রম পরিচালনার অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অসাধু কর্মকাণ্ড প্রতিরোধে কারখানাটি সাময়িকভাবে সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
১২০ বার পড়া হয়েছে