গোবিপ্রবিতে ছাত্রী হেনস্তা: কথিত সাংবাদিকসহ ৩ জনকে গণধোলাই
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে কথিত এক সাংবাদিকসহ তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্তদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রেজেন্টেশন শেষে সহপাঠীদের সঙ্গে বাসায় ফিরছিলেন ওই শিক্ষার্থী। এ সময় চারজন বহিরাগত যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে পুনরায় উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তিন অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম-মাধ্যম দেয়।
গণপিটুনির শিকার অভিযুক্তরা হলেন—তাজিম চৌধুরী, সোহাগ সেন এবং সম্পদ বিশ্বাস। এর মধ্যে নিজেকে দৈনিক আমাদের বাংলা ও ডেইলি প্রেসিডেন্ট টাইমসের জেলা প্রতিনিধি এবং চ্যানেল-এস টেলিভিশনের ক্যামেরাপার্সন পরিচয় দেওয়া সোহাগ সেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত ইউসুফ বিশ্বাস বর্তমানে পলাতক রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে চারজনকে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের গাফিলতি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে আইনি প্রক্রিয়ায় পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
১৭৮ বার পড়া হয়েছে