বাউফলের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জুয়েল আটক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে থাকা এই প্রভাবশালী নেতাকে বুধবার রাতে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পটুয়াখালীর এই হেভিওয়েট আওয়ামী লীগ নেতাকে হেফাজতে নেয়। তবে কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিয়াউল হক জুয়েলকে ডিবি পুলিশ আটক করেছে এমন খবর তারা পেয়েছেন। তবে তাকে এখনও বাউফল থানায় হস্তান্তর করা হয়নি এবং কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে বাউফল থানায় আগে থেকেই তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বাউফল পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তার এই আটকের খবর বাউফল এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে, গত জুলাই মাসে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকেও ডিবি পুলিশ গ্রেফতার করেছিল, যিনি জুয়েল গ্রুপের অন্যতম সক্রিয় সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
১১৯ বার পড়া হয়েছে