সিরাজদিখানে রেললাইনের পাশে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৬:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে উপজেলার নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ২৬ মিনিটে নিমতলা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, নিহতের বাম পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে কোনো ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সুরতহাল ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ধারকৃত মরদেহটি রেলওয়ে (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রেললাইন পারাপারের সময় সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। তারা জানান, রেললাইন পার হওয়ার আগে ডানে ও বামে ভালোভাবে দেখে নেওয়া উচিত। লাইনের ওপর দাঁড়িয়ে বা বসে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া রেললাইনে হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার পরিহার করা এবং রেলওয়ের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
১৫৩ বার পড়া হয়েছে