ময়মনসিংহে প্রথমবার জনতার মুখোমুখি সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় নাগরিক সমস্যা ও উন্নয়ন নিয়ে সরাসরি জনগণের মুখোমুখি হলেন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। বুধবার টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এক ব্যতিক্রমী প্রশ্নোত্তর পর্বে তিনি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শহরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।
ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পেশাজীবী মানুষ। আড়াই ঘণ্টাব্যাপী এই প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রায় অর্ধ শতাধিক নাগরিক তাদের নিজ নিজ এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য ভোগান্তির চিত্র তুলে ধরেন।
নাগরিকদের প্রশ্নের উত্তরে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, সিটি করপোরেশনের সেবাসমূহ ডিজিটাল করার প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে। প্রযুক্তিগত এই রূপান্তরের মাধ্যমে আগামী দিনে যানবাহনের রুট পারমিট ও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাও অটোমেশন করার বড় পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
শহরে চলমান যানজট এবং ময়লা নিষ্কাশনের ক্ষেত্রে শতভাগ সাফল্য এখনো আসেনি বলে অকপটে স্বীকার করেন প্রশাসক। তিনি বলেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শিগগিরই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং বর্জ্য মুক্ত পরিবেশ গড়তে প্রতিটি পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১২১ বার পড়া হয়েছে