শিশুকে ফাঁস দেয়ার চেষ্টা, ভিডিও প্রবাসী স্বামীকে পাঠিয়ে নারী আটক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের শিশুসন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগে বিথী আক্তার (২৮) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথী আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তাঁর শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করে। পরে শিশুটির ফুফু থানায় ফোন করে এ বিষয়ে তথ্য দেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার বলেছেন, তাঁর স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন। তিনি দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে ভিডিও ধারণ করেন এবং সেটি স্বামীর কাছে পাঠান।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও এর নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১০৭ বার পড়া হয়েছে