মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর অগ্নিকাণ্ড, আহত কয়েক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় তাঁদের সঙ্গে পুলিশ সদস্যরাও ছিলেন।
একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। তাঁরা গাড়ি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন।
দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীরা অবস্থান করছেন। অন্যদিকে, মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও সেখানে উত্তেজনা চলছিল। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশের সদস্যদের তুলনায় ফুটপাতের ব্যবসায়ীর সংখ্যা বেশি ছিল। তাঁদের ছোড়া ইটপাটকেলের মুখে পুলিশ সদস্যরা পিছু হটেন।
ঘটনাস্থলে হামলা ও ভাঙচুরের পাশাপাশি সিটি করপোরেশনের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১২৫ বার পড়া হয়েছে