পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটারের দোকান মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে বাড়ি থেকে রাগ করে বের হওয়ার পর আজ সকালে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ ও সিআইডির একটি বিশেষ দল।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে নিজস্ব বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো কারণে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল। এরপর সারা রাত আর বাড়ি ফিরে আসেননি। আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খালে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১২ বার পড়া হয়েছে