৬০ বছরেও পাকা হয়নি ঝাউদি ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে স্বাধীনতার ছয় দশক পরও সংস্কার হয়নি একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই মাটির রাস্তাটি পাকাকরণ না হওয়ায় বর্ষাকালে কর্দমাক্ত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাহের মাদ্রা, ব্রাহ্মন্দী ও আজিতুল্লাপাড়া গ্রামের হাজারো বাসিন্দাকে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সড়কটির কোনো উন্নয়ন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও কৃষি কার্যক্রম।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্মী বাজার থেকে দক্ষিণে সন্নামত বাড়ি হয়ে বাহের মাদ্রা, আজিতুল্লাপাড়া ও ব্রাহ্মন্দী গ্রামের একমাত্র প্রধান সংযোগ সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে পুরো সড়ক জুড়ে বড় বড় গর্ত আর কাদার রাজত্ব তৈরি হয়েছে। প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে জীবনের তাগিদে এই কর্দমাক্ত পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর দাবি, সরকারি নথিতে ‘মাদ্রা মিঠু হাওলাদারের বাড়ি থেকে নয়া পুকুরপাড় পর্যন্ত’ সড়কটি উন্নয়নের তালিকায় থাকলেও বাস্তবে কোনো কাজের ছোঁয়া লাগেনি। ফলে বর্ষা এলে যেমন কাদার সমুদ্রে রূপ নেয়, তেমনি শুষ্ক মৌসুমেও ধুলাবালি আর খানাখন্দের কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে দাঁড়ায়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী, প্রবীণ ব্যক্তি এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগের কোনো শেষ থাকে না।
স্থানীয় বাসিন্দা আলিম মাতুব্বর ক্ষোভ প্রকাশ করে বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তা কাদার নিচে তলিয়ে যায়। কোনো যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। আমাদের গ্রামের চারপাশের সব সড়ক উন্নত হলেও কেবল এই অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে রয়েছে।
আরেক ভুক্তভোগী মিজান মাতুব্বর জানান, অন্যান্য গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের এলাকার এই কাঁচা সড়কটি যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত এটি পাকাকরণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যও এই সড়কটির কারণে স্থবির হয়ে পড়েছে।
ঝাউদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মিন্টু হাওলাদার জানান, রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো বরাদ্দ বা কাজের অনুমোদন মেলেনি।
কষ্টকর এই পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি পেতে এলাকাবাসী মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যের কাছেও লিখিত আবেদন জানিয়েছেন। স্থানীয়দের আশা, জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন খুব দ্রুত এই সড়কটি পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
১৩০ বার পড়া হয়েছে