নড়াইলে নানা কর্মসূচিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
‘একসাথে আরও শক্তিশালী, জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযথ মর্যাদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে সোমবার বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর কার্যালয়ের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুর রহমান এবং জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা. মো. আজহার-উল আলম। এছাড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবাশীষ কুমার কুন্ডু এবং কালিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা এবং সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। কোনো বন্য প্রাণী বা কুকুর-বিড়াল কামড়ালে কিংবা আঁচড় দিলে তাৎক্ষণিকভাবে সাবান ও টিউবওয়েলের পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ক্ষতস্থানটি ধুয়ে নিতে হবে। এরপর কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় খামারি, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলে জলাতঙ্কের টিকা ও সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
১২৩ বার পড়া হয়েছে