সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টা, ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী পালনের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধ করে কেক কাটার ঘটনার পর জেলাজুড়ে অভিযান চালিয়ে ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার পর নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে কেক কাটেন। এর ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। নেতাকর্মীরা এ সময় রঙিন ধোঁয়া উড়িয়ে স্লোগান দেন এবং সড়কের ওপর অবস্থান নিয়ে জন্মদিনের কেক কাটেন। এছাড়া শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে অপর একটি দল ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত মিছিল করে।

অন্যদিকে, রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে পুলিশ আটক করে। পরবর্তীতে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলাজুড়ে এসব ঝটিকা মিছিল ও কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন তৈরি হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের মিছিল করার অপরাধে টুঙ্গিপাড়া থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০