জমকালো আয়োজনে শেষ হলো গ্রীনলিফ অ্যাওয়ার্ডের ৮ম আসর
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘কাচ্চি ডাইন প্রেজেন্ট গ্রীনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর ৮ম আসর। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিনোদন, শিল্প, সংস্কৃতি, মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তি ও সফল ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও গ্রীনলিফের উপদেষ্টা কৃষান ভূঁইয়া, কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন তালুকদার (মিন্টু তালুকদার), রয়েল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম, ড. আনোয়ার উজ্জামান, সততা জুয়েলার্সের চেয়ারম্যান আরিফ হোসাইনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এবারের আয়োজনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী নূতন এবং নৃত্যগুরু মুনমুন আহমেদকে মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের মা চম্মা বেগম। ‘সফল বাবা’ সম্মাননা পেয়েছেন অভিনেতা শাহরুখ ফারদিন সুব্রত।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন লিজেন্ডারি অভিনেতা ওমর সানি, সংগীতশিল্পী রবি চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, অভিনেত্রী তানজিন তিশা, অভিনেত্রী কেয়া পায়েল, চলচ্চিত্র অভিনেতা নিরব হোসাইন, তৌসিফ মাহবুব, অভিনেত্রী ফারজানা ছবি, নৃত্যশিল্পী চাঁদনী, ‘রক্ত আলতা পায়’ গানের শিল্পী সোহাগ এস বি, অভিনেতা মুকিত জাকারিয়া, চিত্রনায়িকা দিঘী এবং সংগীতশিল্পী সিথি শাহা।
এ ছাড়া ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের যুক্তরাজ্য ও মালয়েশিয়া কমিটিকেও সেরা মানবিক সংগঠনের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পেয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো, কোরিওগ্রাফার ইমরান আলীসহ বিভিন্ন অঙ্গনের কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার ও প্রতিভাবান ব্যক্তিরা।
এবারের আসরে রোটারি ক্লাব অব শেরে বাংলানগর ঢাকাকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. আনোয়ার উজ জামান।
আয়োজকরা জানান, দেশের প্রতিভাবান, জ্ঞানী ও গুণী ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়া এবং সফল ব্র্যান্ডগুলোকে আরও পরিচিত করে তোলার লক্ষ্যেই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গ্রীনলিফের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জ্ঞানী, গুণী ও প্রতিভাবানদের সম্মানিত করার উদ্যোগের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন ও মেধাবী শিল্পী-কলাকুশলীদের উৎসাহিত করে সভ্য সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও গ্রীনলিফ অ্যাওয়ার্ডের আয়োজক তাসলিম হাসান হৃদয় বলেন, ‘এটি আমাদের ৮ম সিজন। আমরা সব সময়ই ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। গুণীদের কদর করা আমাদের সামাজিক দায়বদ্ধতা। তা না হলে আমরা গুণীদের হারিয়ে ফেলব। আগ্রাসী উগ্রবাদীদের আস্ফালনে সমাজ ও সভ্যতার বিপর্যয় ঘটতে পারে।’
অনুষ্ঠানের সভাপতি মহিউদ্দিন আমিন বলেন, এখন থেকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের আয়োজনও করবে। এর মাধ্যমে সমাজের নৈতিক অবক্ষয় রোধের পাশাপাশি প্রতিভাবান শিল্পী ও গুণীজনদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিনোদন, সংস্কৃতি, মিডিয়া, মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা ও ব্যবসায়িক বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, শিল্পী, কলাকুশলী, উদ্যোক্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
১৪১ বার পড়া হয়েছে