চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকেরা। এতে দুরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচটি রুটে সোমবার সকাল থেকে কোনো বাস চলাচল করছে না। বাস চলাচল বন্ধ থাকায় সড়কে অপেক্ষমাণ যাত্রীদের বিকল্প হিসেবে ব্যাটারিচালিত ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
শ্রমিকদের ভাষ্য, রোববার (২৭ সেপ্টেম্বর) দামুড়হুদার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখি ভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাসশ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বাসশ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
শ্রমিকেরা জানান, এর পরিপ্রেক্ষিতে লোকাল বাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইজিবাইকচালকেরা বাসচালকদের ব্যারিকেড দিয়ে মহাসড়কে বাস থামিয়ে রাখেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ইজিবাইকচালকদের এ সড়ক অবরোধ চলে। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে।
সকাল থেকে পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বেশি হচ্ছে। বাস না পেয়ে অনেকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
সড়কে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রী শফিকুর রহমান বলেন, ‘বাস চলাচল না করায় ব্যাটারিচালিত ইজিবাইকে করে যেতে হবে। এতে সময় ও টাকা বেশি ব্যয় হবে। এভাবে বাস চলাচল বন্ধ থাকলে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহনশ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন। মহাসড়কে ইজিবাইকের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যাবে না।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক ও বাস মালিক ঐক্যপরিষদের আলোচনা সভা হবে। ওই সভায় ধর্মঘট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
১১২ বার পড়া হয়েছে