পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। 'ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা' প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও অপতথ্য প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং জেলা তথ্য অফিসার কবির উদ্দীন। এ ছাড়া সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯-এর বিভিন্ন অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ ধারা ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তথ্য পাওয়ার সময়সীমা, তথ্য না পেলে প্রতিকারের উপায় এবং এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। আইনটি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
চলতি বছরের দিবসের মূল প্রতিপাদ্য অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য অধিকার আইনের কার্যকর ভূমিকার কথা বলা হয়। সাধারণ মানুষের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সভাপতি ও জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
১০৬ বার পড়া হয়েছে