গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের প্রধান ‘বিশু’ গ্রেপ্তার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা ও কুখ্যাত ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি করে কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। এই চক্রের মূল হোতা ধরা পড়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
গ্রেপ্তারকৃত বিশু মন্ডল (৪০) উপজেলার বাঘাদিয়া এলাকার বাসিন্দা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষকে ফাঁদে ফেলে আসছিল।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ইতালিতে পাঠানোর কথা বলে ওই ব্যক্তির কাছ থেকে প্রথমে নগদ টাকা ও পাসপোর্ট নেওয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকা থেকে দুবাই এবং মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর বিশু মন্ডলের সহযোগীরা তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেয়।
মাফিয়া চক্রটি ভুক্তভোগীকে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায় এবং সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। প্রথম দফায় ২৫ লাখ টাকা আদায়ের পর তাকে মুক্তি না দিয়ে পুনরায় অন্য একটি চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। দ্বিতীয় দফায় আবারও একই কায়দায় নির্যাতন করে আরও ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি।
এই ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে গোপালগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মুকসুদপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও মানবপাচারের মামলা রয়েছে।
১২০ বার পড়া হয়েছে