সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের হামলায় তানিয়া বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাস্তা বন্ধ করা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গর্ভবতী নারীর পেটে লাথি ও তার স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে। কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এই নিষ্ঠুর ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় অটোচালক হাবিব পাহলান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম (২৫) ও শ্বশুর দুলাল হাওলাদারকে (৫৫) নিয়ে বেতমোর গ্রাম থেকে অটোরিকশায় করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড সংলগ্ন সড়কে দাঁড়িয়ে ছিল সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার নামের তিন বখাটে যুবক। অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটায় হাবিব তাদের সরে দাঁড়াতে বললে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে হাবিব ও তাঁর শ্বশুর দুলাল হাওলাদারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় স্বামী ও বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তানিয়ার পেটে সজোরে লাথি মারে হামলাকারীরা। শুধু তাই নয়, আহত অবস্থায় তাঁদের প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয় বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে ঢোকার পথেই তানিয়ার গর্ভপাত ঘটে এবং এর কিছুক্ষণ পরই নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এহসান জানান, পেটে প্রচণ্ড আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে এই গর্ভপাতের ঘটনা ঘটেছে। নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সুযোগ পাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। বর্তমানে ভুক্তভোগী মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০