নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে মোংলা পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রাজপথে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির স্থানীয় নেতারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। তিনি বলেন, ‘স্বৈরাচারী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও গোপনে ও প্রকাশ্যে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার দুঃস্বপ্ন দেখছে। তবে মোংলার সচেতন জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থেকে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।’
উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ যখন শান্তিতে বসবাস করছে, তখন ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় বিএনপির প্রতিটি নেতা-কর্মী পাহারাদারের ভূমিকা পালন করবে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আওয়ামী লীগের যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র রোধে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। রাজপথে আন্দোলনের মাধ্যমেই তাদের সব অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা নাসির তালুকদার, গোলাম নুর জনি, মো. আলাউদ্দিন, আঃ কাদের, আঃ সালাম ব্যাপারী, মো. ইলিয়াস হোসেন ও শাহজাহান ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্যসচিব নুর উদ্দিন টুটুল, বিএনপি নেত্রী শামিমা আক্তার লাইজু, যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান, রতন মাহমুদ, বাপ্পারাজ, মহিলা দল নেত্রী কমলা বেগম, বেবী রহমান, দুলি সরদার ও তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
১৫৪ বার পড়া হয়েছে