‘গণতন্ত্র ধ্বংস ও ভোট লুণ্ঠনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত’
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গণতন্ত্র ধ্বংস ও জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কিশোরগঞ্জে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, পলাতকদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। বুধবার জেলা সদরে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জ জেলা শহরের রথখলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ের চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী দল। এই অর্জিত অধিকার ও গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। তিনি সতর্ক করে বলেন, ষড়যন্ত্রকারীরা পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার নীল নকশা আঁকছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
দেশের চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা বোমাবাজি বা অগ্নিসংযোগ করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের এ দেশের মানুষ চেনে। অতীতে যেভাবে তাদের প্রতিহত করা হয়েছে, ভবিষ্যতেও যেকোনো নৈরাজ্য রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে।
অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের আইনের আওতায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার এড়াতে বা কালক্ষেপণ করতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার সুযোগ দেওয়া হবে না। যারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের অতি দ্রুত বিচারের মুখোমুখি হতে হবে।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
১২৬ বার পড়া হয়েছে