গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। খলিশাখালী গ্রামে মওলা ও গোরা বংশের এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার খলিশাখালী গ্রামে এলাকার আধিপত্য নিয়ে মওলা ও গোরা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের ছোটদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে পরবর্তীতে দুই পক্ষের বড়রা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চারজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে গোরা গ্রুপের প্রধান গোরা খাঁ জানান, পূর্ব শত্রুতার জেরে মওলা গ্রুপের সাথে তাদের বিরোধ চলছিল। সংঘর্ষে তাদের পক্ষের ১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে মওলা গ্রুপের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, বর্তমানে খলিশাখালী গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩৩ বার পড়া হয়েছে