রাজশাহীতে রাস্তার ধুলাতেই ভাজা হচ্ছে চিকেন চাপ! দেখার কেউ নেই
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর বিভিন্ন রেস্টুরেন্ট ও রাস্তার পাশের দোকানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে চিকেন চাপ ও নান রুটি। সড়কের পাশে খোলা তাওয়ায় ভাজা এসব খাবারে প্রতিনিয়ত মিশছে উড়ে আসা ধুলাবালি ও ক্ষতিকর জীবাণু। প্রশাসনের তদারকির অভাবে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
সরেজমিনে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নামিদামি হোটেল থেকে শুরু করে ফুটপাতের খাবারের দোকানগুলোতে রাস্তার একদম ধারেই বসানো হয়েছে বড় বড় তাওয়া। সেখানে উন্মুক্ত অবস্থায় ভাজা হচ্ছে চিকেন চাপ। পাশ দিয়ে দ্রুতগতির যানবাহন চলাচলের সময় যে ধুলার ঝড় উঠছে, তা সরাসরি গিয়ে পড়ছে তৈরি হতে থাকা খাবারের ওপর। অনেক দোকানেই খাবার ঢেকে রাখার কোনো ন্যূনতম ব্যবস্থা নেই।
খাবার এভাবে উন্মুক্ত রাখার কারণ জানতে চাইলে কয়েকজন বিক্রেতা অদ্ভুত যুক্তি দেখান। তাদের দাবি, খাবার ঢেকে রাখলে দূর থেকে ক্রেতারা দেখতে পারেন না, ফলে বিক্রি কমে যায়। তবে সচেতন ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বচ্ছ কাচ বা কোনো আবরণ ব্যবহার করলেই ধুলোবালি থেকে খাবার রক্ষা করা সম্ভব।
রাজশাহীর সচেতন নাগরিক সমাজের অভিযোগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসব খাবারের দোকানে নিয়মিত কোনো তদারকি বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখা যায় না। ফলে বিক্রেতারা নিয়মনীতির তোয়াক্কা না করেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুস্বাস্থ্যের স্বার্থে অবিলম্বে নিয়মিত অভিযান ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন তারা।
১২০ বার পড়া হয়েছে