সাজেকে যাওয়ার পথে নিষিদ্ধ লীগের পক্ষে স্লোগান: ৬ পর্যটক আটক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির সাজেক উপত্যকায় যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকা থেকে সাজেক থানা পুলিশ তাদের আটক করে। উসকানিমূলক স্লোগানের কারণে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের একটি দল কয়েকটি গাড়িতে চড়ে মেঘের রাজ্য সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার সকালে পর্যটকবাহী গাড়িগুলো রাঙামাটির বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন যুবক হঠাৎ করেই রাজনৈতিক উসকানিমূলক স্লোগান দিতে শুরু করেন।
বিক্ষুব্ধ প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দেওয়া ওই উসকানিমূলক স্লোগানে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাজেক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। একই সঙ্গে এই উসকানিমূলক স্লোগান দেওয়ার অপরাধে সরাসরি জড়িত থাকা ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম। বর্তমানে তারা সাজেক থানা হেফাজতে রয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, পর্যটন এলাকার শান্ত পরিবেশ বিঘ্নিত করার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
১৫৩ বার পড়া হয়েছে