সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগের মিছিল ও কর্মকাণ্ড ঠেকাতে ওসিদের কড়া নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো এলাকায় দলটির নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল বা অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। দায়িত্ব পালনে গাফিলতি হলে সংশ্লিষ্ট ওসিকে জবাবদিহির আওতায় আনার কথাও জানানো হয়েছে।

গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই থানার ওসিদের এমন সতর্কবার্তা দেওয়া হলো। গতকাল সোমবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে এসব নির্দেশনা দেওয়া হয়।

সভা সূত্র জানায়, গুলশানে আওয়ামী লীগের মিছিল কীভাবে অনুষ্ঠিত হলো, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। গত শুক্রবার ওই মিছিলের মাত্র আট মিনিট আগে একটি গোয়েন্দা সংস্থা থেকে পুলিশ তথ্য পেয়েছিল। তথ্য পাওয়ার পরপরই মিছিল ও দলটির অন্যান্য কর্মকাণ্ড ঠেকাতে গুলশান থানা পুলিশ উদ্যোগ নেয়।

তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটতে না পারে, সে জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সংগঠিত হয়ে মিছিল বা অন্য কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এতে ডিএমপির বিভিন্ন বিভাগের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, অপরাধ বিভাগের উপকমিশনার এবং রাজধানীর ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন। সভায় গত আগস্ট মাসে রাজধানীতে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগের মিছিল ঠেকানোর পাশাপাশি ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধেও থানার ওসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের গাফিলতি না করার জন্যও সতর্ক করা হয়েছে।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, গুলশানে আওয়ামী লীগের মিছিল এবং পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় কোনো একক পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়নি। তবে ঘটনার আগে কোথায় তথ্যের ঘাটতি ছিল, তা নিয়ে আলোচনা হয়েছে। মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে তথ্য পাওয়ার বিষয়টিও সভায় গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়।

এ ছাড়া আবাসিক ও অন্যান্য হোটেলে অবস্থান করা অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

সভায় ডিএমপি কমিশনার বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেন তিনি। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখার ওপরও গুরুত্ব দেন।

থানায় ওসিদের উপস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। সম্প্রতি তেজগাঁও থানায় পরিদর্শনে গিয়ে ওসিকে থানায় পাননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরে পল্টন থানায় গিয়ে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন আইজিপি আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন। এরপর তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা এবং পল্টন মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে প্রত্যাহার করা হয়।

এসব ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার থানার ওসিদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ডিউটির সময় যথাযথ পোশাক পরা, থানার পরিবেশ ঠিক রাখা এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জরুরি প্রয়োজনে থানার বাইরে যেতে হলে সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি উল্লেখ করে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া থানার আওতাধীন এলাকাগুলো ভাগ করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। কোনো এলাকায় যেন নিরাপত্তার ঘাটতি বা শূন্যতা তৈরি না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। অপরাধ প্রতিরোধে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০