কুয়াকাটায় বঙ্গবন্ধুর পরিবর্তে মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে জমি দখলের অভিযোগ
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের পর, এখন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে জমি দখল রাখার অপচেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী।
পটুয়াখালীর কুয়াকাটায় এক সংবাদ সম্মেলনে মোসাররফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনেছেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আকন। কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আকন জানান, সাব-কবলা দলিলের মাধ্যমে তারা একটি জমির মালিকানা লাভ করেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে মোসাররফ হোসেন জমিটি অবৈধভাবে দখলে নেন। তৎকালীন সময়ে জমিতে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড টানানো হয়েছিল।
অভিযোগে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্ত মোসাররফ হোসেন তার অবস্থান পরিবর্তন করেন। বর্তমানে তিনি জমিটি দখলে রাখতে অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছবি সংবলিত ব্যানার ও সাইনবোর্ড ব্যবহার করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটকে রেখে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, যা পরবর্তীতে আইনজীবীদের হস্তক্ষেপে মীমাংসা হয়।
অভিযুক্ত মোসাররফ হোসেনের বিরুদ্ধে সান ভিউ প্রপার্টিজ লিমিটেডের অন্য অংশীদারদের টাকা আত্মসাৎ এবং প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এই বিষয়ে অভিযুক্তের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
১২৪ বার পড়া হয়েছে