সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি স্থান থেকে এক মাদ্রাসা ছাত্রী ও এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রামকান্তপুর ও পাইকপাড়া মোড় এলাকা থেকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের মনিরুল ইসলামের ১১ বছর বয়সী মেয়ে মাহিয়া খাতুন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। রবিবার রাতে তার দাদীর সাথে কোনো একটি বিষয়ে মান-অভিমান হয়। এরই জেরে রাতের কোনো এক সময়ে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে।
অন্যদিকে, ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার পাইকপাড়া মোড় এলাকা থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই এলাকায় ঘোরাঘুরি করতেন। সোমবার সকালে মহাসড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে দুটি লাশই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২৩ বার পড়া হয়েছে