ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর বিএনপির মনোনয়ন বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
রুহুল কবীর রিজভী বলেন, বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১-এ আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নির্বাচনে বিএনপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তারা আগামী ১৫ সেপ্টেম্বর দলের নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর এসব মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।
স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধে নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি একটি প্রচারপত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে বলেও জানান তিনি।
রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের পাশাপাশি রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হবে। স্কুল, মাদরাসা ও হাটবাজারে আবর্জনা ফেলার জন্য বিনের ব্যবস্থা করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় আরও বিভিন্ন উদ্যোগ বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
১১০ বার পড়া হয়েছে