সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরের কারাদণ্ড
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে মো: আরশেদ আলী নামের এক সিএনজিচালককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানকোড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী (৩৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্রা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।
জানা গেছে, সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় মাদক সেবনরত অবস্থায় আরশেদ আলীকে হাতেনাতে আটক করে প্রশাসন। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, একটি কল্কি, একটি স্টিলের কাটার এবং একটি কাঠের টুকরো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকসেবী কিংবা কারবারির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলাকে মাদকের ভয়াবহতা থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সাটুরিয়া থানা পুলিশ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে