সমাজহিতৈষী কর্মবীর ডা. আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী কাল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজহিতৈষী ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হতে যাচ্ছে। আগামীকাল ১১ সেপ্টেম্বর (শুক্রবার) মরহুমের স্মরণে নানা কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই গুণী মানুষের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এনায়েতপুরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠান নানা উদ্যোগ গ্রহণ করেছে।
উপদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.)-এর জামাতা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন দেশের চিকিৎসা ও শিক্ষা খাতের অন্যতম পথিকৃৎ। ১৯৫৮ সালে পাবনার ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের প্রথম ভারী শিল্প উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক চেয়ারম্যান ও সিআইপি ছিলেন।
কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের এনায়েতপুরস্থ বাসভবনের আঙিনায় শায়িত সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও ফাতেহা পাঠ। শুক্রবার বাদ ফজর খাজা ইউনুস আলী (র.)-এর পাক দরবার শরিফ এবং মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ আসর হাসপাতালের পক্ষ থেকে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের বড় ছেলে ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ শুভাকাঙ্ক্ষীদের এই দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল এবং মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১৭৫ বার পড়া হয়েছে