প্রকাশ পেল জয়া বর্মণ ও সমরজিতের নতুন দ্বৈত গান ‘মনঘুড়ি’
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফ্রান্সপ্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী জয়া বর্মণ ও প্রখ্যাত সুরকার-সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’ মুক্তি পেয়েছে। রোমান্টিক ঘরানার এই দ্বৈত গানটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মেলোডিয়াস ও রোমান্টিক ঘরানার এই গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন খোদ সমরজিৎ রায়। গত ৫ সেপ্টেম্বর সমরজিৎ রায়ের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। একই সঙ্গে বৈশ্বিক শ্রোতাদের জন্য অ্যাপল মিউজিক ও স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মে এটি একযোগে উন্মুক্ত করা হয়েছে।
নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কণ্ঠশিল্পী জয়া বর্মণ বলেন, গানটি ভীষণ মিষ্টি ও ভিন্নধর্মী কম্পোজিশনের। জয়া আরও জানান, এমন একটি সুন্দর গান ও সংগীতায়োজনের জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। লিরিক এবং সুরের মেলবন্ধনে তৈরি গানটি শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে তিনি আশাবাদী।
সহশিল্পীর কণ্ঠের প্রশংসা করে সংগীতশিল্পী ও সুরকার সমরজিৎ রায় জানান, গানটি যাতে শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারে, সেই চেষ্টা করা হয়েছে। দারুণ মিষ্টি কথা ও সুরের এই রোমান্টিক ডুয়েট গানটি সব ধরনের শ্রোতার মন জয় করবে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, জয়া বর্মণ সম্প্রতি বাংলাদেশ সফরকালে বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে লাইভ পারফর্ম করেছেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় শো ‘রাঙা সকাল’, বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের অনুষ্ঠানে তাঁর পরিবেশনা সুধী মহলে দারুণ প্রশংসা কুড়িয়েছে।
১২০ বার পড়া হয়েছে