সিলেটে ব্যাটারি রিকশা ও অবৈধ সিএনজি বন্ধের নির্দেশ পুলিশ কমিশনারের
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে যানজট নিরসন ও যাতায়াত নির্বিঘ্ন করতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা এবং অনিবন্ধিত সিএনজি অটোরিকশার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার ট্রাফিক বিভাগের এক কল্যাণ সভায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম নগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভায় ট্রাফিক সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় যেসব সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হন, তা বিস্তারিতভাবে পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পুলিশ কমিশনার বলেন, নগরীকে যানজটমুক্ত রাখা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহনের পাশাপাশি অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার সিলেট শহরের যাতায়াত ব্যবস্থার অন্যতম বড় অন্তরায়। তাই কোনো রকম ছাড় না দিয়ে এসব গাড়ির বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিনের সভায় ট্রাফিক বিভাগে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালন ও বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতিস্বরূপ ১৬ জন সদস্যকে বিশেষ পুরস্কার এবং সম্মাননা প্রদান করা হয়। এই উদ্যোগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়।
উক্ত কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক সার্জেন্টরা উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে