ময়মনসিংহে শিক্ষককে মারধর ও কলেজ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের রয়েল মিডিয়া কলেজে ভাঙচুর এবং এক শিক্ষককে শারীরিক লাঞ্ছনা ও হুমকির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কলেজ প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ময়মনসিংহ নগরীর কালিবাড়ি রোড এলাকায় অবস্থিত রয়েল মিডিয়া কলেজ প্রাঙ্গণে আজ এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সম্প্রতি কলেজের এক শিক্ষার্থীর শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে চরম ক্ষুব্ধ হন ওই শিক্ষার্থীর বাবা। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে বহিরাগত একদল সন্ত্রাসী নিয়ে কলেজ গেটে চড়াও হন তিনি। সেখানে বাংলা বিভাগের শিক্ষক ইমরুল হাসান সিদ্দিকীকে প্রকাশ্যেই শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়।
উত্তেজনা এখানেই শেষ হয়নি; ওই রাতেই কলেজ অধ্যক্ষের কক্ষের জানালা ভাঙচুর করে হামলাকারীরা এবং জানালার একাংশ খুলে নিয়ে যায়। এই বর্বরোচিত ঘটনার পর থেকে পুরো কলেজ ক্যাম্পাসে এক ধরনের আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এই ন্যাক্কারজনক ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পাঠিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের যদি অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে তারা আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
১১৯ বার পড়া হয়েছে