মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল 'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা'।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতিসহ স্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা কেবল প্রথাগত অক্ষরজ্ঞান নয়, বরং তথ্য বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার সচেতনতা এবং ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারকে সাক্ষরতার আধুনিক সংজ্ঞা হিসেবে উল্লেখ করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ঝরে পড়া কিশোর-কিশোরী ও বিদ্যালয়বহির্ভূত শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগের কথা তুলে ধরা হয়। বিশেষ করে 'অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি' (ALO) এবং 'স্কিলফো' (SKILFO) প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলের তরুণদের দক্ষতা ও মৌলিক শিক্ষা প্রদানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।
১২০ বার পড়া হয়েছে