সর্বশেষ

সারাদেশ

বিচ কার্নিভালে মুখরিত কুয়াকাটা, উপচে পড়া ভিড় ও হোটেল সংকট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরের নোনাজল আর উৎসবের আমেজে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এখন পর্যটকদের ঢল নেমেছে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য বিচ কার্নিভাল উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভ্রমণপিপাসুর আগমনে কুয়াকাটায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী বিচ কার্নিভালে থাকছে নানা বৈচিত্র্যময় আয়োজন। বিচ ফুটবল, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুথিপাঠ, ভলিবল, সেলিব্রিটি ক্রিকেট, ফ্যাশন শো এবং চোখধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। প্রতি সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন আরমান আলিফ, হাসান (আর্ক), ঐশীসহ দেশের খ্যাতনামা ও স্থানীয় শিল্পীরা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কুয়াকাটার জিরো পয়েন্ট, তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ সবকটি পর্যটন স্পট এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সমুদ্রের নোনা জলে গোসল আর ছবি তোলার আনন্দ উপভোগ করছেন সব বয়সী মানুষ। বৈচিত্র্যময় এই কার্নিভাল উপভোগ করতে ইতোমধ্যে প্রায় লক্ষাধিক পর্যটক নিবন্ধন করেছেন এবং মোট তিন লাখ পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে।

তবে পর্যটকদের উপচে পড়া ভিড়কে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত খাবার বিল, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সমিতিভুক্ত প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ভাড়াই নিচ্ছে। অনিয়ম রোধে পৌর প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভ্রমণকারীদের নিরাপত্তা বিধানে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, নৌ-পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কুয়াকাটা জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছেন কলাপিড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বপ্রাপ্তরা।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০