পঞ্চগড়ে বালাইনাশক প্রয়োগের পর নষ্ট ৩ বিঘা করলা খেত, দিশেহারা কৃষক
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি জৈব বালাইনাশক স্প্রে করার পর তিন বিঘা জমির করলা খেত নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এক কৃষক। এতে প্রায় দেড় লাখ টাকার বেশি লোকসানের মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম ইসলাম উদ্দিন, যিনি আটোয়ারী উপজেলার মির্জাপুর তেলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ধারদেনা করে প্রায় ৩ বিঘা জমিতে করলা চাষ করেছিলেন। চমৎকার ফলন আসার পর সম্প্রতি বাজার থেকে বালাইনাশক কিনে প্রয়োগ করার পরই বিপত্তি ঘটে।
ইসলাম উদ্দিনের অভিযোগ, উপজেলা সদরের ফকিরাগঞ্জ বাজারের এক দোকান থেকে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের 'এম পেড' নামের একটি জৈব বালাইনাশক কিনে তিনি নিয়ম অনুযায়ী স্প্রে করেছিলেন। এর পরদিনই পুরো খেতের গাছ বিবর্ণ হয়ে ঝলসে যায় এবং সব ফলন নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগী কৃষক জানান, খেত তৈরিতে তার দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছিল। এখন ফসল হারিয়ে ঋণের বোঝা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। স্থানীয় অন্য কৃষকদের দাবি, এলাকায় ভেজাল বালাইনাশক চক্রের দৌরাত্ম্য বন্ধে দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।
তবে বালাইনাশক বিক্রেতা আনিছুর রহমান দাবি করেছেন, ওষুধ স্প্রে করার নিয়মে ভুল থাকতে পারে। সংশ্লিষ্ট কোম্পানির সহকারী মার্কেটিং অফিসার সবুজ আলী জানান, ভুল মিশ্রণের কারণে এমনটি হতে পারে। এ বিষয়ে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে